রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দিনের শুরুতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী কয়েক ঘণ্টায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এ সময়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ। আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪ মিনিটে।
বৃষ্টির সম্ভাবনা থাকায় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার এবং বাইরে থাকলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এসকে