দেশ সংকটে পড়লে তা থেকে উত্তরণে জনগণ বিএনপির ওপর আস্থা রাখে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে দলের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেছেন, বিএনপির ভেতরে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি হলে এর সুযোগ নেবে ‘গুপ্ত ও পলাতক বাহিনী’।
রোববার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে লালমনিরহাট জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশের সংকটময় সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে সঠিক নেতৃত্ব দেওয়াই বিএনপির অন্যতম দায়িত্ব। তবে সেই দায়িত্ব পালনের জন্য দলের অভ্যন্তরে শৃঙ্খলা ও সাংগঠনিক ঐক্য বজায় রাখা জরুরি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সংগঠন ছাড়া কোনো পদ-পদবির মূল্য নেই। আর শৃঙ্খলা না থাকলে কোনো রাজনৈতিক সংগঠনই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। তাই দলের স্বার্থে সবাইকে সাংগঠনিক নিয়ম মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তব্যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন সমাজকল্যাণমন্ত্রী। তিনি বলেন, সামনে বিএনপিকে আরও কঠিন সময় মোকাবিলা করতে হবে। এজন্য দলের নেতাকর্মীদের পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এ সময় জেলার পাঁচ উপজেলার বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসকে