রাজধানীর উত্তরা থেকে জামালপুর-২ (ইসলামপুর) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী এস এম শাহীনুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই নেতার বিরুদ্ধে একটি অপহরণ মামলায় আদালতে দাখিল করা অভিযোগপত্রে আসামি থাকার তথ্য জানিয়েছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ১৪ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশের তথ্যমতে, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কাঁচি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শাহীনুজ্জামান শাহীন। একই সঙ্গে তিনি জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহীনুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি অপহরণ মামলা রয়েছে। ওই মামলায় তিনি অভিযোগপত্রভুক্ত আসামি।
পুলিশ কর্মকর্তা জানান, উত্তরা ক্লাবের পাশের এলাকায় সংঘটিত একটি অপহরণের ঘটনায় মামলাটি করা হয়েছিল। ওই মামলার তদন্ত শেষে শাহীনুজ্জামানকে অভিযোগপত্রে আসামি করা হয়।
তবে নিজের বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি তিনি জানতেন না বলে পুলিশের জিজ্ঞাসাবাদে দাবি করেছেন। ডিসি মির্জা তারেক আহমেদ বেগ বলেন, উত্তরা এলাকায় ব্যবসা করতেন শাহীনুজ্জামান। মামলা সম্পর্কে তিনি অবগত ছিলেন না বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
তার বিরুদ্ধে অপহরণ মামলার বাইরে আরও কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সদ্য সংবাদ/এসকে