নিষেধাজ্ঞা বহাল থাকায় স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মীর শাহে আলম বলেন, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত দলটি কিংবা এর অঙ্গসংগঠনগুলোর নির্বাচনে অংশ নেওয়া এবং রাজনৈতিক কর্মসূচি পালনের কোনো অধিকার নেই। আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন উল্লেখ করে তিনি বলেন, তাদের দলীয় কার্যক্রম পরিচালনা কিংবা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্ন তোলার বিষয়টিই বিব্রতকর।
আইন অনুযায়ী আওয়ামী লীগের কোনো সভা-সমাবেশ করার পাশাপাশি দলীয় কার্যালয় খোলারও সুযোগ নেই বলে জানান প্রতিমন্ত্রী।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচনব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হলো পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। জনগণের রায়ের ভিত্তিতেই জনপ্রতিনিধি নির্বাচিত হবেন।
তিনি আরও জানান, সংশোধিত আইন অনুযায়ী এবারের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন ও জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকছে না।
এর আগে প্রতিমন্ত্রী শিবগঞ্জের মোকামতলা উপজেলায় শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরে শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য দুটি স্কুল বাস বিতরণ করেন।
এ সময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/ এআর