নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ নিয়ে তৈরি হওয়া সাংবিধানিক জটিলতার অবসান হয়েছে।
আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রাষ্ট্রপতির শপথ কে পড়াবেন, তা নিয়ে প্রশ্ন ওঠার পর বিষয়টি নিয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায় মন্ত্রিপরিষদ বিভাগ। কারণ, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। ফলে স্পিকারের দায়িত্ব বর্তমানে ডেপুটি স্পিকার পালন করছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ জানতে চায়, এমন পরিস্থিতিতে সংবিধান অনুযায়ী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর এখতিয়ার কার রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয় বিষয়টি পর্যালোচনা করে তাদের মতামত দেয়।
আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুসারে স্পিকারের দায়িত্ব ও কার্যাবলি ডেপুটি স্পিকার পালন করতে পারেন। একই কারণে রাষ্ট্রপতির শপথ পাঠ করানোর ক্ষেত্রেও তার সাংবিধানিক ক্ষমতা রয়েছে।
মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ডেপুটি স্পিকার যেহেতু স্পিকারের সব দায়িত্ব পালন করছেন, তাই নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রেও তিনি সাংবিধানিকভাবে উপযুক্ত কর্তৃপক্ষ।
এর ফলে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে অনুষ্ঠেয় নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ নিয়ে যে আইনি ও সাংবিধানিক প্রশ্ন তৈরি হয়েছিল, তা অনেকটাই পরিষ্কার হলো।
সদ্য সংবাদ/এসকে