চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আজমতপুর হুদমাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। আহসান হাবিব নামে এক ব্যক্তির রাইস মিলের সামনে পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর বাগিচাপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. আসাদুল (৪০) এবং তৈয়ব আলী তেনুর ছেলে মো. রজিবুল হক (২৯)।
পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনা এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) তারেক মাহমুদ সঙ্গীয় সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় দুজনের হেফাজত থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে মাদক কারবারিদের সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ।
সদ্য সংবাদ/এসএস