রাজধানীর কাঁঠালবাগান বাজার এলাকায় একটি আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে শিশুসহ একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে ১০ তলা ভবনটির তৃতীয় তলার একটি ফ্ল্যাটে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্ল্যাটের গ্যাসের সংযোগ খোলা থাকায় রান্নাঘরসহ ঘরের ভেতরে গ্যাস জমে যায়। পরে কোনোভাবে আগুনের সংস্পর্শে এসে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
দুর্ঘটনায় দগ্ধ চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় এবং শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নেভাতে সক্ষম হন তাঁরা।
বিস্ফোরণের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সদ্য সংবাদ/এজে