চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একের পর এক তিনটি কাভার্ডভ্যান উল্টে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন আটকে রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে উপজেলার নিজামপুরের সরকারহাট বাজার এলাকায় নাহার এগ্রোর পোল্ট্রি খাদ্যবাহী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ওই লেনে যান চলাচল ব্যাহত হয়। এর কয়েক ঘণ্টা পর সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাই পৌর সদরের থানা মসজিদের সামনে আরও দুটি কাভার্ডভ্যান উল্টে পড়ে। পরপর এসব দুর্ঘটনায় সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে এবং দীর্ঘ যানজট তৈরি হয়।
মহাসড়কের নিজামপুর থেকে মিরসরাই সদর পর্যন্ত বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। আটকে থাকা যাত্রীদের অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে বিপাকে পড়েছেন।
যানজটে আটকে থাকা এক ট্রাকচালক জানান, গাজীপুর থেকে চট্টগ্রামে যাওয়ার পথে বড়তাকিয়া এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। কখন যান চলাচল স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তিনি।
একইভাবে বারইয়ারহাট থেকে চট্টগ্রামগামী বাসের যাত্রীরাও দীর্ঘ সময় ধরে আটকে আছেন। তাঁদের অভিযোগ, দুর্ঘটনাকবলিত যানবাহন দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব হলে ভোগান্তি অনেকটাই কমত।
কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন জানান, নিজামপুর এলাকায় একটি গাড়ি উল্টে যাওয়ার পর যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিতে পুলিশ কাজ করছে। দ্রুত উদ্ধারকাজ শেষ হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছেন তিনি।
সদ্য সংবাদ/এজে