নারায়ণগঞ্জের
ফতুল্লায় ছোট ভাইয়ের ওপর হামলাকারীদের শনাক্তে পুলিশকে সহযোগিতা করতে গিয়ে নিজেই
হামলার শিকার হয়েছেন দৈনিক কালবেলার সাংবাদিক রাফিউল ইসলাম রাতুল।
বুধবার (৩
সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফতুল্লা রেলস্টেশন এলাকায় ৫০-৬০ জনের একটি সংঘবদ্ধ
সন্ত্রাসী দল পরিকল্পিত এ হামলা চালায়। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় স্থানীয়
একটি হাসপাতালে চিকিৎসাধীন।
হামলাকারীরা
রাতুলের ব্যবহৃত ক্যামেরা, মোবাইল, মানিব্যাগ ও হেলমেট ছিনিয়ে নেয়। তিনি কালবেলা
পত্রিকায় ক্রীড়া সাংবাদিক হিসেবে কর্মরত।
ভুক্তভোগী
রাতুল অভিযোগ করে বলেন, “প্রায়
৫০-৬০ জনের একটি সিন্ডিকেট কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের নিয়ে আমাকে ঘিরে ধরে।
তারা মব তৈরি করে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।”
এর আগে গত
২৭ আগস্ট রাতে একই এলাকায় রাতুলের ছোট ভাই আরিফুল ইসলাম আলিফ (১৮) সন্ত্রাসী
হামলার শিকার হন। চাপাতির আঘাতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় পরদিন ফতুল্লা মডেল
থানায় জীবন মিয়া (২০), রুবেল মিয়া (১৯), সাকিব (১৮), দ্বীদার (১৯) ও উল্লাস
(১৯)-কে আসামি করে মামলা দায়ের করা হয়।
পরে পুলিশ
সাকিব ও রুবেলকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার পুলিশ সাংবাদিক
রাতুলকে সঙ্গে নিয়ে মূল আসামি জীবন মিয়াকে ধরতে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা
সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।
ফতুল্লা থানার
অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানায়, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।