নোয়াখালীতে নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টানিয়ে দিয়েছেন নেতাকর্মীরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জেলা শহরের টাউনহল মোড়ে অবস্থিত এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে তালাবদ্ধ থাকা দলীয় কার্যালয়ের তালা ভেঙে সামনে ব্যানার টানানো হয়। পরে সেখানে জড়ো হয়ে স্লোগান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। প্রায় আধাঘণ্টা এই কর্মসূচি পালন করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের পর থেকে এই কার্যালয় তালাবদ্ধ ছিল। আন্দোলন চলাকালে বিক্ষুব্ধ ছাত্রজনতা কার্যালয়ে অগ্নিসংযোগ চালিয়ে ভবনটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করে।
সকাল ১০টার দিকে কার্যালয়ের সামনে ব্যানার টানানোর পর তৃণমূল নেতাকর্মীরা সেখানে স্লোগান দেন। তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘এই লড়াইয়ে জিতবে কারা, বঙ্গবন্ধুর সৈনিকেরা’ শীর্ষক স্লোগান দেন।
এ সময় মো. জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তি ফেসবুকে সরাসরি এই কর্মসূচি লাইভ করেন এবং লিখেন, 'আগামী দিনে দেশের স্বাধীনতার পক্ষে সব শক্তি এক সঙ্গে কাজ করবে, ইনশাল্লাহ। আমরা নোয়াখালী জেলা তৃণমূল আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দলের সঙ্গে কাজ করব।'
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, বিষয়টি তার জানা নেই।
তিনি বলেন, 'এ বিষয়ে খোঁজ নিচ্ছি। কে বা কারা করেছে তা পরে জানানো যাবে।'