মিরসরাইয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে একটি শোক মিছিল বের করা হয়। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমানের আয়োজনে মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জানাজা-পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মিরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, সেক্রেটারি মাওলানা আনোরুল্লাহ আল মামুনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় অ্যাডভোকেট সাইফুর রহমান বলেন, ‘শোককে শক্তিতে রূপান্তর করার জন্যই আমাদের এই আয়োজন। এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা ইস্পাতপ্রাচীরের মতো ঐক্যবদ্ধ—এ কথা প্রমাণ করে দিতে চাই। ওসমান হাদীর উত্তরসূরীরা ইস্পাতপ্রাচীরসম কঠিন সংকল্প নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার জন্য এখনো বেঁচে রয়েছে। বাংলাদেশবিরোধী চক্রকে জানিয়ে দিতে চাই, আমাদের হত্যা করে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন ব্যর্থ করা যাবে না। আমাদের ভাই ওসমান হাদী শাহাদাত বরণ করেছেন; আমরা যারা বেঁচে আছি, পুরো দায়িত্ব এখন আমাদের ওপর। আগামীর নির্বাচন সফলভাবে সম্পন্ন করার মাধ্যমেই আমরা এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেব, ইনশাআল্লাহ।’