স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে নির্বাচনের আগে সারা দেশে ৫৩ হাজার ৩৬৭ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মামলা ও ওয়ারেন্টের ভিত্তিতে ৩৩ হাজার ৫১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৩ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হওয়া চলমান অপারেশন ডেভিল হান্ট (ফেজ-২)–এর আওতায় গ্রেপ্তার করা হয়েছে ১৯ হাজার ৮৫৪ জনকে।
তিনি বলেন, অভিযানের সময় আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে ৩৪৬টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ১৯১ রাউন্ড গুলি, ৭২২টি কার্তুজ, ৬৯৪টি দেশীয় অস্ত্র, গ্রেনেড, মর্টার শেল, বারুদ এবং বোমা তৈরির বিভিন্ন উপকরণ।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে বাধাগ্রস্ত বা প্রভাবিত করতে পারে—এমন যেকোনো অপকর্ম বা ষড়যন্ত্র সরকার কঠোরভাবে দমন করবে। নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে সব আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, সন্ত্রাসী ও অপরাধীদের অবাধ চলাচল রোধ এবং অবৈধ ও লুটপাটকৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ জন্য চেকপোস্ট, টহল এবং বিশেষ অভিযান বৃদ্ধি করা হয়েছে।
সশস্ত্র বাহিনী, পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের সমন্বিত প্রচেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরিশেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন উপহার দিতে সক্ষম হব।’