নির্বাচিত হলে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও টেন্ডারবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১–দলীয় ঐক্যের প্রার্থী হাসনাত আবদুল্লাহ (আবুল হাসনাত)। তিনি বলেন, “আমরা জনগণের কাছে গিয়ে বলছি—আপনারাই আমাদের জেতাতে পারেন। আপনারা দায়িত্ব দিলে চাঁদাবাজ আর মাদক ব্যবসায়ীদের ঘুম হারাম করে দেব।”
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দেবীদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
এনসিপির এই নেতা বলেন, ভোট দুই ধরনের হতে পারে—একটি হয় চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও টেন্ডারবাজদের নিয়ে, যেখানে তারা ভোটের বিনিময়ে নিরাপত্তা চায়; আরেকটি হয় জনগণের কাছে গিয়ে জনগণের সমর্থন চাওয়ার ভোট।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যদি আমাকে দায়িত্ব দেন, তাহলে ঋণখেলাপিদের দাউদকান্দির ওই দিকে ঢুকতে দেব না। জনগণ আমাকে দায়িত্ব দিলে হয় মাদক ব্যবসায়ী থাকবে, না হয় আমি দেবীদ্বারে থাকব।”
মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের শেষবারের মতো সতর্ক করে হাসনাত আবদুল্লাহ বলেন, “আপনাদের লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। ভুল থেকে ফিরে আসুন। কর্মসংস্থানের দরকার হলে আমাদের জানান—দোকান বা গরু কিনে দেব, যেন বৈধভাবে জীবনযাপন করতে পারেন। কিন্তু কেউ যদি মাদক সিন্ডিকেট চালানোর চেষ্টা করেন, তাহলে অবস্থা ভালো হবে না।”
নিজের সঙ্গে ছবি থাকলেই কেউ তাঁর লোক—এমন ধারণা নাকচ করে দিয়ে তিনি বলেন, “আমার সঙ্গে ছবি থাকলেই কেউ আমার লোক হয়ে যায় না। সেই ছবি দেখিয়ে কেউ অবৈধ সুবিধা নিতে চাইলে কোনো সুযোগ দেওয়া হবে না। এমনকি আমার বাবা অবৈধ সুবিধা চাইলেও তাকেও ছাড় দেওয়া হবে না।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আগে অনেক নেতা নির্বাচনের আগে এসে সহায়তার আশ্বাস দিতেন, কিন্তু নির্বাচিত হলে পাঁচ বছর খোঁজ পাওয়া যেত না। আমি আপনাদের সাহায্য করতে আসিনি, আমি আপনাদের কাছে সাহায্য চাইতে এসেছি। প্রথম ১৫ দিন আপনারা আমাকে সাহায্য করবেন, আর পরের পাঁচ বছর আমি আপনাদের পাশে থাকব।”
নারীদের ভোটের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “ইনশা আল্লাহ, এবার আমাদের মায়েদের, খালাদের, চাচিদের ও বোনদের ভোটেই আমরা সংসদে যাব। নারীরা একবার কথা দিলে সেটা ভাঙে না।”