মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিরাপদ আশ্রয়ের খোঁজে গিয়ে এক গৃহবধূ দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের দায়িত্বে থাকা দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক দুজন হলেন শাহাদাত হোসেন (২৯), টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার বাসিন্দা এবং আবু সাঈদ (২৫), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গৃহবধূ ও তাঁর স্বামী নারায়ণগঞ্জে বসবাস করেন। রোববার দুপুরে তাঁরা ব্যাটারিচালিত ভ্যানে করে মানিকগঞ্জে নানাবাড়ির উদ্দেশে রওনা দেন। রাত আনুমানিক ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভ্যানের চার্জ শেষ হয়ে যায়। গভীর রাতে রাস্তার তুলনায় হাসপাতাল চত্বরকে নিরাপদ মনে করে তাঁরা মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে আশ্রয় নেন।
অভিযোগ অনুযায়ী, এ সময় ডিউটিরত আনসার সদস্য শাহাদাত হোসেন ও আবু সাঈদ নিরাপত্তার কথা বলে দম্পতিকে হাসপাতালের নতুন ভবনের ভেতরে নিয়ে যান। সেখানে স্বামীকে ভয়ভীতি দেখিয়ে নিচতলায় আটকে রেখে গৃহবধূকে দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয়।
ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
গণমাধ্যমের কাছে কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী বলেন, নিরাপত্তার আশায় হাসপাতালে এসে তিনি পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন এবং এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চান।
গৃহবধূর স্বামী জানান, আনসার পোশাকধারীরা ভয় দেখিয়ে তাঁর স্ত্রীকে নিয়ে যায় এবং এই জঘন্য অপরাধ সংঘটিত করে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযুক্তদের শনাক্ত করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষাও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।