নাগরিকত্ব পেতে আমেরিকায় গিয়ে সন্তান প্রসব, সুযোগ বন্ধ করছেন ট্রাম্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
গর্ভবতী নারীদের ভিসা আবেদনে মিথ্যা তথ্য দিতে সহায়তাকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এসব নারীর লক্ষ্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে নবজাতকের জন্য মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করা। জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার প্রচেষ্টায় এই ইস্যুকে গুরুত্ব দিয়ে সামনে আনছে ট্রাম্প প্রশাসন।

রয়টার্সের হাতে আসা একটি অভ্যন্তরীণ ই-মেইলে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) সারা দেশের তদন্ত কর্মকর্তাদের ‘বার্থ টুরিজম ইনিশিয়েটিভ’ নামে নতুন পদক্ষেপে গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছে। এই উদ্যোগের লক্ষ্য বিদেশি গর্ভবতী নারীদের যুক্তরাষ্ট্রে এনে সন্তান জন্মের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দেওয়া চক্রগুলোকে চিহ্নিত ও দমন করা।

২০২৫ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই রিপাবলিকান নেতা ট্রাম্প বৈধ ও অবৈধ অভিবাসন কমাতে কঠোর অবস্থান নিয়েছেন। যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই স্বয়ংক্রিয় নাগরিকত্ব পাওয়ার প্রচলিত ব্যবস্থাকে সীমিত করার যুক্তি হিসেবে জন্ম পর্যটনের বিষয়টি তুলে ধরা হচ্ছে।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি এক বিবৃতিতে বলেন, জন্ম পর্যটন করদাতাদের ওপর চাপ সৃষ্টি করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। তিনি উল্লেখ করেন, বিশ্বের অধিকাংশ দেশে জন্মসূত্রে স্বয়ংক্রিয় নাগরিকত্ব দেওয়ার বিধান নেই।

চলমান তদন্ত নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। তবে তারা জানিয়েছে, জন্ম পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণে সহায়তাকারী চক্রের তথ্য তাদের কাছে রয়েছে। সংস্থাটির এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া বেআইনি নয়, তবে এ প্রক্রিয়ায় ফেডারেল আইন লঙ্ঘনের বিষয়গুলো নজরে রাখা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে জন্ম পর্যটন সরাসরি নিষিদ্ধ না হলেও ২০২০ সালে কার্যকর হওয়া নীতিমালায় বলা হয়েছে, নবজাতকের নাগরিকত্বের উদ্দেশ্যে পর্যটক বা ব্যবসায়িক ভিসার ব্যবহার নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে মামলা হতে পারে।

জন্ম পর্যটনের সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই। তবে সেন্টার ফর ইমিগ্রেশন স্টাডিজের ২০২০ সালের এক বিশ্লেষণে বলা হয়, ২০১৬-১৭ সালের মধ্যে এক বছরে প্রায় ২০ থেকে ২৫ হাজার বিদেশি মা যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে গিয়েছিলেন। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে মোট ৩৬ লাখ শিশুর জন্ম হলেও জন্ম পর্যটনের হার তুলনামূলকভাবে কম বলে ধারণা করা হয়।

ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন, যেখানে বলা হয়—বাবা-মায়ের কেউ মার্কিন নাগরিক বা স্থায়ী বাসিন্দা না হলে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সন্তান নাগরিকত্ব পাবে না। দীর্ঘদিনের আইনি নজিরের বিপরীতে এই পদক্ষেপ ফেডারেল আদালতে চ্যালেঞ্জের মুখে পড়ে এবং বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ায়।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে, স্বয়ংক্রিয় নাগরিকত্বের সুযোগ জন্ম পর্যটনের একটি বড় শিল্প তৈরি করেছে। তাদের দাবি, সম্ভাব্য শত্রু রাষ্ট্র থেকেও অনেক নারী সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে আসছেন, যা ভবিষ্যতে নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

আইসিইর নতুন উদ্যোগে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস নেতৃত্ব দিচ্ছে। তারা জন্ম পর্যটনের সঙ্গে জড়িত প্রতারণা, আর্থিক অপরাধ এবং অভিবাসন ব্যবস্থার অপব্যবহারকারী সংগঠিত চক্রগুলো শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে।

এর আগে ২০১৯ সালে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় জন্ম পর্যটন সংক্রান্ত একটি মামলায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ওই চক্রটি মূলত চীনের ধনী নারীদের সেবা দিত। মামলায় অভিযুক্ত চীনা নাগরিক ডংইয়ুয়ান লি দোষ স্বীকার করে ১০ মাসের কারাদণ্ড পান। আরেক অভিযুক্ত চাও ‘এডউইন’ চেনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হলেও তিনি পালিয়ে চীনে চলে যান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. কবরের জায়গা না পেয়ে বসতঘরেই করিম মিয়ার দাফন সদ্য. ‘ক্রসফায়ার’ বক্তব্যের তীব্র প্রতিবাদ, আইজিপিকে অপসারণের দাবি এনসিপির সদ্য. জাসদ থেকে ধার করা নেতৃত্বে চলছে জামায়াত: আলাল সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন