চট্টগ্রামের মিরসরাইয়ে ভাতিজার ইটের আঘাতে চাচা খুন হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় গ্রামের ফজলে রহমান বেপারী বাড়ির ফজলে রহমানের চতুর্থ ছেলে। পুলিশ জানায়, আবুল কালামের সঙ্গে তাঁর ভাই মৃত তাহের আহাম্মদের ছেলে মো. হেলালের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল।
জানা গেছে, সোমবার সকালে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচা আবুল কালামের সঙ্গে ভাতিজা হেলালের তর্ক শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ভাতিজা হেলাল ইট দিয়ে আঘাত করলে আবুল কালাম গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে ভাতিজা হেলাল পলাতক রয়েছেন। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহতের বড় ভাই আবুল খায়ের বলেন, “জমি সংক্রান্ত বিরোধ আগে তেমন ছিল না। হঠাৎ করে এটি সৃষ্টি হয়। এত দিন কোনো ঝগড়া হয়নি। কী থেকে কী হয়ে গেল—কিছুই বুঝতে পারলাম না। আমার ভাইয়ের ছেলে হেলাল কেন এমন করল, বুঝে উঠতে পারছি না।”
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পরিদর্শন করেছে। জমিজমা সংক্রান্ত বিরোধে ভাতিজার হাতে চাচা নিহত হওয়ার বিষয়টি প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত ভাতিজা হেলালকে গ্রেপ্তারে অভিযান চলছে।”