কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে ময়লার ভাগাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
মহেশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাম প্রসাদ সেন গণমাধ্যমকে জানান, তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্র্যাব রাখার ভাগাড়ে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে তাঁদের দুটি ইউনিট সরাসরি কাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে বিদ্যুৎ কেন্দ্রসংলগ্ন ব্রিজের ওপর থেকে তারা ভেতরে আগুন জ্বলতে দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
বঙ্গোপসাগরের কূলঘেঁষে মাতারবাড়ীতে নির্মিত এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই তাপবিদ্যুৎ কেন্দ্রটি একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।