মাদারীপুরে মাদক ও অবৈধ অস্ত্রবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা পুলিশের তথ্যমতে, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে মাদারীপুর সদর মডেল থানাধীন চর খোয়াজপুর টেকেরহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আঃ জব্বার তালুকদার (৭৮)-এর মালিকানাধীন তিনতলা ভবনের তৃতীয় তলার উত্তর পাশের প্রথম ইউনিটের একটি ভাড়াটিয়া কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় পলাতক আসামি সাব্বির হোসেন হৃদয় (২৬)-এর বসতকক্ষ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিস্তল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, অভিযানের সময় সাব্বির হোসেন হৃদয় পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/এসকে