মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত নির্ধারিত হলেও সেখানে খেলতে অনাগ্রহ প্রকাশ করেছে বিসিবি। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে চিঠি আদান–প্রদান শুরু করেছে বোর্ড।
হাইব্রিড মডেলে পাকিস্তান নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। একইভাবে আইসিসি বিসিবির প্রস্তাব মেনে নিলে বাংলাদেশ দলও শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সুযোগ পেতে পারে। তবে সেই প্রস্তাব গ্রহণ না হলে বিসিবি কোন পথে হাঁটবে, তা নিয়েই প্রশ্ন উঠছে। এমন প্রেক্ষাপটে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বৃহস্পতিবার সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে তামিম বলেন, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের ক্রিকেটের স্বার্থকে সর্বাগ্রে রাখতে হবে। একই সঙ্গে ভবিষ্যৎ ক্রিকেটের দিকটি মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি।
হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার বিপক্ষে অবস্থান জানিয়ে তামিম বলেন, তড়িঘড়ি সিদ্ধান্ত কিংবা প্রকাশ্যে ভিন্ন ভিন্ন মন্তব্য পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তোলে। তার মতে, বোর্ড ও সংশ্লিষ্ট মহলে যোগ্য ব্যক্তিরা রয়েছেন এবং সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে অভ্যন্তরীণ সিদ্ধান্ত নিয়ে একটি চূড়ান্ত অবস্থান সবার সামনে তুলে ধরা উচিত।
কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টিকে দুঃখজনক হিসেবে দেখছেন তামিম। তিনি বলেন, মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া নিঃসন্দেহে হতাশাজনক এবং এ নিয়ে কোনো দ্বিমত নেই।