হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন আছেন এবং আলহামদুলিল্লাহ, এই সময়ের মধ্যে বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালো ও স্থিতিশীল রয়েছে। আজ তাঁর একটি ছোট অপারেশনও অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান ডা. জাহিদ হোসেন।
তিনি জানান, খালেদা জিয়া বর্তমানে করোনারি কেয়ার ইউনিটের একটি কেবিনে চিকিৎসাধীন, যেখানে আইসিইউর সব ধরনের সুবিধা রয়েছে। সে হিসেবে তাঁকে আইসিইউতেই রাখা হয়েছে বলে উল্লেখ করা যায়।
ডা. জাহিদ বলেন, আজকের অপারেশন তিনি সফলভাবে গ্রহণ করতে পেরেছেন এবং এতে তাঁর শারীরিক অবস্থার কোনো অবনতি ঘটেনি।
এ সময় তিনি আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি এবং পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া কামনা করা হয়েছে।