বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সামনে এ কথা বলেন তিনি।
ডা. জাহিদ বলেন, 'বেগম জিয়াকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে, তা তিনি গ্রহণ করতে পারছেন। চিকিৎসকসহ সবাই অত্যন্ত আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন।'
তিনি জানান, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চিকিৎসকরা প্রতিদিন বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করছেন। পাশাপাশি, ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক তদারকি করছেন। তার ছোট ভাই ও বোনও নিয়মিত খোঁজ নিচ্ছেন। সিসিইউতে থাকার কারণে পাশে থাকা সম্ভব হচ্ছে না।
খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
চলতি বছরের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে স্বেচ্ছায় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন খালেদা জিয়া। সেদিন তাকে বেশ হাস্যোজ্জ্বল দেখা গিয়েছিল। তবে পরের দিন শ্বাসকষ্টের জটিলতা দেখা দিলে ২৩ নভেম্বর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সংক্রমণ ছড়িয়ে পড়ে হার্ট ও ফুসফুসে। অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
বর্তমানে দেশি ও বিদেশি চিকিৎসকরা গঠিত বিশেষায়িত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।