জাতীয় নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী। শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঢাকা-৮ আসনের এমপি প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রসঙ্গ তুলে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, “প্রার্থীদের নিরাপত্তায় আমরা ব্যবস্থা নিচ্ছি।”
ওসমান হাদির ওপর হামলাকারীদের বিষয়ে তিনি বলেন, “আমরা প্রাইম সাসপেক্টকে খুঁজছি। হোপফুলি আমরা তাকে ধরতে পারব। এ ক্ষেত্রে জনগণের সহযোগিতা চাই।” তিনি আরও জানান, ঘটনার ২৪ ঘণ্টাও এখনও পার হয়নি, খুব শিগগিরই হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
ডিএমপি কমিশনার বলেন, “ওসমান হাদির ওপর গুলির ঘটনায় একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে কাজ চলছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে শনাক্ত ব্যক্তির নাম প্রকাশ করা হচ্ছে না।”
উল্লেখ্য, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।