জামালপুর সদর-৫ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাসুদ ইব্রাহীমকে ফুটবল প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইউসুফ আলী।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জামালপুর সংসদীয় আসন–১৪২ (সদর-৫) আসনের জন্য বৈধ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর কাছ থেকে মাসুদ ইব্রাহীম তাঁর নির্বাচনী প্রতীক হিসেবে ফুটবল প্রতীক গ্রহণ করেন।
এ অনুযায়ী জামালপুর সদর আসনে মোট ১০ জন সংসদ সদস্য প্রার্থীসহ জেলায় ৩৪ জন প্রার্থী আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়।
এ বিষয়ে জামালপুর সংসদীয় আসন–১৪২ সদর-৫ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাসুদ ইব্রাহীম বলেন, “উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী স্বতন্ত্র বৈধ প্রার্থী হিসেবে ফুটবল প্রতীক নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব।” তিনি সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের মো. সিরাজুল ইসলামের ছেলে।
সাবেক কেন্দ্রীয় ছাত্র ও যুবনেতা মাসুদ ইব্রাহীম বলেন, “জামালপুর সদরের সার্বিক উন্নয়নের পাশাপাশি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত জামালপুর গড়তে আমি বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের মূল্যবান ভোটে বিজয়ী হলে জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১৫টি ইউনিয়নের রাস্তাঘাট, সেতু ও কালভার্ট নির্মাণসহ প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে কাজ করব। একই সঙ্গে অসহায়, প্রতিবন্ধী, বিধবা ও প্রবীণদের সামাজিক কর্মসূচির আওতায় ভাতা প্রদান, নতুন নতুন কলকারখানা নির্মাণ, গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়ন এবং শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করে জনগণের নাগরিক অধিকার বাস্তবায়নে কাজ করা হবে। পাশাপাশি নারীর অধিকার ও নারীদের ক্ষমতায়ন, বেকার যুবক-যুবতীদের কর্মমুখী শিক্ষা গ্রহণের মাধ্যমে বেকারত্ব দূরীকরণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এর মাধ্যমে জামালপুর সদরকে একটি আধুনিক, অগ্রসর ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।”
জামালপুর সদর-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে তৃণমূলের প্রান্তিক মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষের দোয়া, সমর্থন এবং দলমত নির্বিশেষে একটি করে মূল্যবান ভোট প্রদানের জন্য জামালপুর সদর এলাকার ভোটারদের প্রতি তিনি বিনীত আহ্বান জানান।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. ইউসুফ আলী জানান, উচ্চ আদালত ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থিতা ফিরে পাওয়ায় মাসুদ ইব্রাহীমের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ফুটবল প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।