মঙ্গলবার (২৪ মার্চ) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প গণমাধ্যমের সমালোচনা করে বলেন, “আমি এটি বলতে পছন্দ করি না। তবে আমরা এই যুদ্ধে জিতে গেছি। যুদ্ধ শেষ হয়ে গেছে, কেবল ফেক নিউজ মিডিয়াই একে জিইয়ে রাখতে চায়।”
প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক কয়েক সপ্তাহের অভিযানে ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে।
তবে যুদ্ধের অগ্রগতি নিয়ে ট্রাম্পের বক্তব্যে অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে। গত ৯ মার্চ তিনি যুদ্ধকে ‘প্রায় সম্পন্ন’ বলে উল্লেখ করলেও কয়েক ঘণ্টা পরই বলেন, যুক্তরাষ্ট্র অনেক দিক থেকে এগিয়ে থাকলেও তা যথেষ্ট নয়।
এর আগে গত সপ্তাহান্তে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান যদি নির্দিষ্ট সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে তাদের বিদ্যুৎকেন্দ্রগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেওয়া হবে। তবে পরবর্তীতে তিনি জানান, ইরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে এবং আলোচনার স্বার্থে সম্ভাব্য হামলার সিদ্ধান্ত পাঁচ দিন পিছিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইরানের সঙ্গে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের দাবি, ইরান ইতোমধ্যেই পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগে সম্মত হয়েছে।
তবে সামরিক বিশ্লেষকদের মতে, আলোচনায় ইরানকে চাপের মুখে রাখতে ট্রাম্প কৌশলগতভাবে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি দিয়ে ‘মনস্তাত্ত্বিক চাপ’ তৈরি করছেন।