গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থায় এখনো দৃশ্যমান কোনো উন্নতি হয়নি বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যরা। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁর মস্তিষ্কের অবস্থা খুবই খারাপ এবং ক্লিনিক্যালি তিনি আগের মতোই অত্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে রয়েছেন। এই পরিস্থিতিতে তাঁকে বিদেশে পাঠানোর বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বোর্ডের এক সদস্য।
রোববার সকালে মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক শেষে নাম প্রকাশ না করার শর্তে বোর্ডের এক চিকিৎসক এসব তথ্য জানান। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে বিদেশে নেওয়ার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করা হয়েছে। বিদেশের কোনো হাসপাতাল সেই কেস সামারি পর্যালোচনা করে রোগীকে গ্রহণ করলে তবেই তাঁকে বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচিত হবে।
চিকিৎসক আরও জানান, রোববার সকালে মেডিকেল বোর্ডের বৈঠকের আগেই হাদির সিটি স্ক্যান করা হয়েছে। পুনরায় সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা বা পানি জমার পাশাপাশি অক্সিজেনের ঘাটতির প্রমাণ পাওয়া গেছে, যা ব্রেনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মস্তিষ্কের কিছু অংশে ছিটেফোঁটা রক্ত জমাট বাঁধার লক্ষণও দেখা গেছে। সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদির মস্তিষ্কের অবস্থা জটিল রয়েছে। ফুসফুসের অবস্থাও আগের মতোই অপরিবর্তিত আছে।
বর্তমানে লাইফ সাপোর্টের মাধ্যমে হাদির শ্বাসপ্রশ্বাস চালু রাখা হয়েছে বলে জানান চিকিৎসক। তবে তাঁর কিডনির কার্যকারিতা স্বাভাবিক রয়েছে। দিনে প্রায় চার লিটার ইউরিন আউটপুটের ভিত্তিতে শরীরের ফ্লুইড ব্যালেন্স বজায় রাখা হচ্ছে।
চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, আগে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতার কারণে যে ডিসেমিনেটেড ইনট্রাভাসকুলার কোয়াগুলেশন বা ডিআইসি দেখা দিয়েছিল, তার অবস্থাও বর্তমানে অপরিবর্তিত রয়েছে এবং নতুন করে কোনো সংকট তৈরি হয়নি। তবে বড় উদ্বেগের জায়গা এখনো মস্তিষ্কই। ব্রেন স্টেম ইনজুরি গুরুতর অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর সন্ধ্যার দিকে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।