আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপর একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনায় সারা দেশে প্রার্থীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত হয়ে পড়েছেন তারা। এ ধরনের হামলার ঘটনায় সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল নিন্দা ও প্রতিবাদ জানালেও ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনার দল আওয়ামী লীগ এবং ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক অনলাইন অ্যাকটিভিস্টদের মধ্যে।
গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় নির্বাচনি প্রচারণাকালে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। এ ঘটনার পর হামলাকারীদের নিজেদের ‘এজেন্ট’ দাবি করে উল্লাস প্রকাশ করতে দেখা যায় ভারতীয় কিছু অনলাইন অ্যাকটিভিস্টকে।
অনুসন্ধানে দেখা গেছে, গত তিন দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারত থেকে পরিচালিত একাধিক অ্যাকাউন্ট হাদির হত্যাচেষ্টার ঘটনায় প্রকাশ্যে উল্লাস করেছে। এসব অ্যাকাউন্ট হামলাকারীদের ভারতীয় স্বার্থরক্ষাকারী ‘এজেন্ট’ হিসেবে আখ্যা দিয়ে ধন্যবাদ জানায়। একই সঙ্গে হাদির একটি ফেসবুক পোস্টকে বিকৃতভাবে ব্যাখ্যা করে হত্যাচেষ্টাকে সমর্থন ও ‘প্রয়োজনীয়’ বলেও মন্তব্য করা হয়।
ভারতীয় সাবেক সেনা কর্মকর্তা ও Youth4Nation–এর তামিলনাড়ু শাখার সাধারণ সম্পাদক মেজর মাধান কুমার (অব.) এক্সে দেওয়া পোস্টে দাবি করেন, ওসমান হাদি ভারতের উত্তর-পূর্বাঞ্চল দখল করে ‘গ্রেটার বাংলাদেশ’ প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন এবং সে কারণেই ঢাকায় অজ্ঞাত ব্যক্তিদের গুলিতে আহত হয়েছেন। তার সাম্প্রতিক এক্স পোস্ট বিশ্লেষণে দেখা যায়, তিনি ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির পক্ষে সক্রিয় প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
অনুসন্ধানে আরও জানা যায়, শনিবার সকাল থেকে একযোগে কয়েক ডজন ভারতীয় এক্স অ্যাকাউন্ট থেকে ‘ওসমান হাদি ভারতের উত্তর-পূর্ব অঞ্চল দখল করতে চেয়েছিলেন’—এমন দাবি ছড়িয়ে দেওয়া হয়। BhikuMhatre নামের একটি ভারতীয় অ্যাকাউন্ট থেকেও একই ধরনের পোস্ট করা হয়। ওই পোস্টে দাবি করা হয়, কিছু #Dhurandar-এর জন্য ভারতীয়রা নিরাপদ রয়েছে। পোস্টটির সঙ্গে একটি চলচ্চিত্রের দৃশ্য সংযুক্ত করা হয়, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রশংসা করা হয়েছে।
হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে বহু পোস্টে #Dhurandar হ্যাশট্যাগ ব্যবহার করে হামলাকারীদের ‘ধন্যবাদ’ জানানো হয়েছে।
উগ্র হিন্দুত্ববাদী অ্যাকটিভিস্ট ও বিজেপির ক্যাম্পেইনার ড. রাজেশ পাটিল এক দীর্ঘ পোস্টে ওসমান হাদির বিরুদ্ধে ভারতের দখলসংক্রান্ত মনগড়া অভিযোগ তুলে দাবি করেন, একজন #Dhurandar হাদিকে তার কথিত ভারতবিরোধিতার কারণে হত্যা করার সিদ্ধান্ত নেয়। একই পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ভারতবিরোধিতা করবে, #Dhurandar তাদের বিষয়ে ব্যবস্থা নেবে এবং ভারত যেভাবে বাংলাদেশ তৈরি করেছে, প্রয়োজনে সেভাবেই ধ্বংসও করতে পারে।
India Strikes নামের আরেকটি ভারতীয় অ্যাকাউন্ট থেকেও দাবি করা হয়, DHURANDHAR বাংলাদেশে সক্রিয় রয়েছে এবং ওসমান হাদি ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে গুলি করা হয়েছে। সূত্র: দ্য ডিসেন্ট।