ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বিষয়টি নিশ্চিত করেন। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ডিএমপি কমিশনার জানান, হাদির ওপর হামলার ঘটনায় নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
এর আগে এ ঘটনায় হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবা মো. আবুল কাশেম এবং মা মোসা. ফুরকোন। পেশায় তিনি একজন শ্রমিক।
র্যাব জানায়, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫ শনাক্ত করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মোটরসাইকেলটির মালিকানা স্বীকার করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা থাকতে পারে। এ কারণে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রয়েছে।