কালিয়াকৈর, সাভার ও আশুলিয়া এলাকার ত্রাস, চিহ্নিত চাঁদাবাজ ও কিশোর গ্যাং লিডার এরফানকে ঢাকার সাভার এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র্যাব-১ ও র্যাব-৪।
র্যাবের তথ্যমতে, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাতে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন চান্দুরা পল্লী বিদ্যুৎ সাবস্টেশনসংলগ্ন একটি মার্কেটের সামনে পূর্বপরিকল্পিতভাবে এরফানসহ ৪০–৪৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগী মো. তানভীর আহম্মেদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীর ওপর অতর্কিত হামলা চালানো হয়।
হামলার সময় এরফান ধারালো রামদা দিয়ে ভুক্তভোগীকে হত্যার উদ্দেশ্যে কোপ মেরে গুরুতর আহত করে। পরে অন্যান্য আসামিরা চাপাতি, কুড়াল, লোহার পাইপ, লাঠি ও রড দিয়ে ভুক্তভোগীসহ তাকে বাঁচাতে এগিয়ে আসা আরও তিনজনকে মারধর করে আহত করে।
এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মোছা. আফরোজা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, এরফানের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ঘটনার পর থেকেই র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ১৭ জানুয়ারি ২০২৬ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ ও র্যাব-৪-এর যৌথ দল সাভার থানাধীন ইমান্দিরপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত এরফান একজন দুর্ধর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত কিশোর গ্যাং লিডার। সে দীর্ঘদিন ধরে কালিয়াকৈর, সাভার ও আশুলিয়া এলাকায় চাঁদাবাজি, মারামারি, অপহরণ, চুরি ও ডাকাতির চেষ্টা করে আসছিল।
গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।