শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। সরকারের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর অগ্রগতি না আসায় সংগঠনটির নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) বিক্ষোভ কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের হুঁশিয়ারি দিয়ে বলেন, হাদি হত্যার বিচার না করে কাউকেই ‘সেফ এক্সিট’ দেওয়া হবে না। পরিস্থিতি বিবেচনায় যেকোনো সময় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও জাতীয় সংসদ ভবন ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলেও জানান তিনি।
শাহবাগে অবস্থানরত ছাত্র-জনতা হাদি হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং নেপথ্যের পরিকল্পনাকারীদের চিহ্নিত করার দাবিতে স্লোগান দিতে থাকেন। ইনকিলাব মঞ্চ স্পষ্ট করে জানায়, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার বিচার প্রক্রিয়ায় স্থবিরতা দেখাচ্ছে, যা শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
সমাবেশে আব্দুল্লাহ আল জাবের সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করে বলেন, যারা ভাবছেন কিছুদিন ক্ষমতায় থেকে বিদেশে পাড়ি জমাবেন, তাদের সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না। রক্তের সঙ্গে বেইমানি করলে এই মাটিতেই জনতার বিচারের মুখোমুখি হতে হবে।
তিনি আরও বলেন, ১ হাজার ৪০০ শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় এলেও তারা এখনো খুনিদের বিচার নিশ্চিত করতে পারেনি। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসা প্রশাসনের জন্য এটি চরম লজ্জার বিষয় বলে মন্তব্য করেন তিনি।
উপদেষ্টাদের উদ্দেশে প্রশ্ন তুলে জাবের বলেন, হাদি হত্যার বিচারে কারা বাধা হয়ে দাঁড়াচ্ছে? কারা এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে, তাদের নাম প্রকাশ করুন। ভয় পাওয়ার কিছু নেই—আমরা আপনাদের পাহারা দেব। তবে বিচার করতে ব্যর্থ হলে আপনাদের জবাবদিহি করতেই হবে।