দিনাজপুরের বিরামপুরে জামায়াতে ইসলামীর পক্ষে ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের সময় জামায়াতে ইসলামের দুই কর্মীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টায় পৌর শহরের চকপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন: ২নং ওয়ার্ডের প্রফেসরপাড়া মহল্লার আজিম উদ্দীনের ছেলে নুরুল আমিন ইমন (৩৫) এবং চকপাড়া (পাহানপাড়া) গ্রামের গাব্রিয়েল মন্ডলের ছেলে সেতু মন্ডল (৩৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে বিরামপুর পৌরসভার ২নং ওয়ার্ডের চকপাড়া কল্যাণপুর এলাকায় প্রবেশ করে আটকরা স্থানীয় ভোটারদের হাতে ভোটার প্রতি ৫০ টাকা করে বিতরণ করছিল। তখন স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে প্রশাসনকে খবর দেন।
এদিকে, খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব লিয়াকত আলী সেখ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের বিরামপুর থানায় সোপর্দ করেন। আটক ব্যক্তিরা নগদ বিতরণের বিষয়টি স্বীকার করেছেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সরকার জানান, আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে তারা থানার হেফাজতে রয়েছে।