সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার, ২১ ডিসেম্বর সকালে বিষয়টি নিশ্চিত করেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম।
তিনি জানান, ২০ ডিসেম্বর রাতে ধানমন্ডি থানায় মামলাটি করা হয়। ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ মামলার বাদী হিসেবে ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
ছায়ানট কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার রাতে একদল দুর্বৃত্ত ভবনের ভেতরে প্রবেশ করে সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা ভাঙচুর করে এবং বিভিন্ন কক্ষে অগ্নিসংযোগ চালায়। এতে কী পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।
ঘটনার পর ছায়ানট পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি সেখানে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ডেইলি স্টার, প্রথম আলো ও ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।