মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
ভারতের বিপক্ষে পাকিস্তান ম্যাচ না খেলার সিদ্ধান্ত ঘোষণার পর সোমবার আইসিসির সঙ্গে বৈঠকে বসে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৈঠক শেষে রাতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, ভারতের বিপক্ষে ম্যাচটি খেলতে পাকিস্তানকে অনুরোধ জানানো হয়েছে। এর পরপরই বাংলাদেশকে ঘিরে নেওয়া সিদ্ধান্তগুলোর কথা আনুষ্ঠানিকভাবে জানায় আইসিসি।
এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে লাহোরে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার সঙ্গে বৈঠক করেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি দক্ষিণ এশিয়ায় ক্রিকেটের সামগ্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। এ সময় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করাকে ‘দুর্ভাগ্যজনক অনুপস্থিতি’ হিসেবে উল্লেখ করে সংস্থাটি।
আইসিসি, বিসিবি ও পিসিবির মধ্যে হওয়া সমঝোতার অংশ হিসেবে সিদ্ধান্ত হয়েছে, ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের আগেই বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে। তবে এই আয়োজন আইসিসির প্রচলিত আয়োজক নির্বাচন প্রক্রিয়া, সময়সূচি ও পরিচালনাগত শর্তাবলির আওতায় থাকবে। উল্লেখ্য, ২০৩১ সালে ভারতের সঙ্গে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে বাংলাদেশের।
আইসিসির প্রধান নির্বাহী সনযোগ গুপ্তাকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি নিঃসন্দেহে দুঃখজনক। তবে এটি বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ ক্রিকেট জাতি হিসেবে আইসিসির দীর্ঘমেয়াদি অঙ্গীকারে কোনো পরিবর্তন আনবে না। বিসিবিসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমরা দেশটির ক্রিকেটের টেকসই উন্নয়ন এবং খেলোয়াড় ও সমর্থকদের জন্য ভবিষ্যৎ সুযোগ আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।’