বিএনপি থেকে বহিষ্কারের হুমকি ও নানা প্রলোভনের পরও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস শেষ পর্যন্ত তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেননি।
মঙ্গলবার ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করে চূড়ান্ত নির্বাচনী প্রতিযোগিতায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন।
এর ফলে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নানের পাশাপাশি বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে জেলা বিএনপির অর্থ সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসও একসঙ্গে নির্বাচনে অংশ নিচ্ছেন।
এ বিষয়ে কাজী নাজমুল হোসেন তাপস বলেন, তাঁর মরহুম বাবা কাজী আনোয়ার হোসেন এই আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাবার রেখে যাওয়া বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়েই তিনি নির্বাচনে নেমেছেন। তাঁর দৃঢ় বিশ্বাস, বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা তাঁর পাশেই আছেন।
মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বিএনপি থেকে বহিষ্কারের আশঙ্কা রয়েছে—এমন প্রশ্নের জবাবে তরুণ এই প্রার্থী বলেন, আপাতত ১২ ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া অন্য কিছু তিনি ভাবছেন না। তাঁর মতে, সুষ্ঠু নির্বাচন হলে বাবার দোয়া ও মানুষের ভালোবাসায় তাঁর বিজয় নিশ্চিত হবে, ইনশাল্লাহ।
প্রসঙ্গত, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এই আসনে মোট ১০ প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আবদুল বাতেন এবং গণফ্রন্টের প্রার্থী নজরুল ইসলাম ভূঁইয়া তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এর ফলে বিএনপি, বাংলাদেশ খেলাফত মজলিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থীসহ মোট আটজন প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে চূড়ান্ত নির্বাচনী লড়াইয়ে রয়ে গেলেন।