ত্রয়োদশ জাতীয় নির্বাচনে গাজীপুর–৩ আসনের নির্বাচনী মাঠের হালচালে স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন এবং বাসদ প্রার্থী আশিকুর রহমান পিয়াল এগিয়ে রয়েছেন।
বিএনপি ও ১০ দলীয় জোটের প্রার্থী বর্তমানে পিছিয়ে থাকায় রাজনৈতিক লড়াই বেশ চমকপ্রদ হয়ে উঠেছে।
নির্বাচনী বিধি অনুযায়ী সরকারি চাকরি থেকে অব্যাহতি নেওয়ার তিন বছরের মধ্যে নির্বাচনে অংশগ্রহণ করা যায় না। এ কারণে বিএনপি মনোনীত ডা. রফিকুল ইসলাম বাচ্চুর মনোনয়ন স্থগিত রয়েছে। তবে এ বিষয়ে আপিল করা হয়েছে, যার শুনানি রবিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, জামায়াত মনোনীত ডা. জাহাঙ্গীর আলমকে সরিয়ে ১০ দলীয় জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে মাওলানা এহসানুল হককে মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা আলমগীর হোসেন এবং জাতীয় মনোনীত পার্টির প্রার্থী হিসেবে রয়েছেন নাজিম উদ্দীন।
নির্বাচনী মাঠের জনমত যাচাই করে দেখা গেছে, ভোটাররা যোগ্য ও সক্ষম প্রার্থীকে সমর্থন দিচ্ছেন। তাদের মতে, যিনি দেশ ও এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন, তাকেই ভোট দিয়ে সংসদে পাঠানো উচিত।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনে চমকপ্রদ ফলাফলের সম্ভাবনা রয়েছে। কারণ ভোটাররা দলীয় পছন্দের বাইরে গিয়ে ব্যক্তি ও যোগ্যতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।