ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন কমিটি ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বিএনপিপন্থী তিনজন সিনিয়র অধ্যাপক। রবিবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পৃথক তিনটি পদত্যাগপত্রে মোট ৬টি দায়িত্ব থেকে পদত্যাগ করেন এই তিন শিক্ষক।
জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ইসলামিক হেরিটেজ অ্যান্ড কালচার সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করেন।
ইবি সাদা দলের আহ্বায়ক ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মতিনুর রহমান ‘সেন্টার ফর পলিসি অ্যান্ড গভর্নেন্স স্টাডিজ’র পরিচালক, মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের কক্ষ পুনর্বণ্টন উপকমিটির আহ্বায়ক এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক—এই তিনটি পদ থেকে পদত্যাগ করেন।
এ ছাড়া ইবি ইউট্যাবের সভাপতি ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহা. তোজাম্মেল হোসেন ইবির আইআইইআর গভর্নিং বডির সদস্য এবং ইবির পরিবহন পরিচালনা পর্ষদের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন।
এ বিষয়ে অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের যেকোনো কাজে ভিসি স্যার একটি বিশেষ দলের পরামর্শে কাজ করছেন। দলের স্বার্থে আমরা উক্ত পদগুলোতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। এজন্যই এই সিদ্ধান্ত।”
অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বলেন, “কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। তাই পদত্যাগ করলাম।” তবে তিনি জানান, তিনি এখনও কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন এবং এই পদ থেকে পদত্যাগ করেননি।
এ বিষয়ে অধ্যাপক ড. মতিনুর রহমানের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/ এস. এম. শাহরিয়ার স্বাধীন