ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার সুযোগ দেওয়া এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে তাকে তলব করা হয়।
তলবের সময় বাংলাদেশ সরকার এসব বিষয়ে ভারতের সরকারের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার আহ্বান জানিয়ে উসকানিমূলক বক্তব্য অব্যাহত রাখার সুযোগ দেওয়ায় বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন। এ বিষয়টি ভারতের সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হয়েছে।
এছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার লক্ষ্যে ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সদস্যদের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের বিষয়েও ভারতীয় হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়। এসব অপরাধমূলক তৎপরতা বন্ধ করতে এবং সংশ্লিষ্টদের দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা ভারতে পালিয়ে গেছে—এমন অভিযোগের প্রসঙ্গও আলোচনায় আসে। এ ক্ষেত্রে সন্দেহভাজনদের সীমান্ত অতিক্রম রোধ করা এবং যদি তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে, তবে তাদের অবিলম্বে গ্রেপ্তার ও বাংলাদেশে প্রত্যর্পণে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে।
বাংলাদেশ সরকার প্রত্যাশা প্রকাশ করে বলেছে, প্রতিবেশী দেশ হিসেবে ভারত ন্যায়বিচার সমুন্নত রাখা এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষায় জনগণের পাশে দাঁড়াবে।
এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে এবং এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।