বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা টানা ১৮ দিন ধরে চলার পর আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। আইসিসি জানিয়েছে, বাংলাদেশ দল ভারতে খেলতে না গেলে বিকল্প দল নেওয়া হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এক দিন সময় দেওয়া হয়েছে।
নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়ে দীর্ঘদিন ধরে কোনো সমাধান না আসায় বিষয়টি জটিল আকার ধারণ করে। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ। সময় স্বল্পতার কারণে বাংলাদেশ ইস্যুতে আইসিসি একটি ভার্চুয়াল বোর্ড সভা আয়োজন করে।
সভায় অংশ নেওয়া বোর্ড সদস্যদের অধিকাংশই বাংলাদেশ না খেললে বিকল্প দল নেওয়ার পক্ষে ভোট দেন। ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বিসিবির অনড় অবস্থান থেকে সরে আসার জন্য আরও এক দিনের সুযোগ দিয়েছে আইসিসি। বাংলাদেশ বিশ্বকাপে অংশ না নিলে স্কটল্যান্ডকে বিকল্প হিসেবে নেওয়া হতে পারে বলে জানিয়েছে ক্রিকইনফো। ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে নেদারল্যান্ডস, ইতালি ও জার্সির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় কাছাকাছি অবস্থানে ছিল স্কটল্যান্ড।
আইসিসির এই ভার্চুয়াল বৈঠকে সব পূর্ণ সদস্য দেশের পরিচালকেরা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া, শ্রীলঙ্কা ক্রিকেট সভাপতি শাম্মী সিলভা, পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ডসহ বিভিন্ন দেশের শীর্ষ ক্রিকেট কর্তারা।
এ ছাড়া আইসিসির সিইও সঞ্জোগ গুপ্ত, ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, ইভেন্টস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং দুর্নীতি দমন বিভাগের প্রধান অ্যান্ড্রু এফগ্রেভ সভায় অংশ নেন। বাংলাদেশ দলের ভারত সফর নিয়ে বিসিবির নিরাপত্তা উদ্বেগ দূর করতে এফগ্রেভ গত সপ্তাহে ঢাকায় অবস্থান করেন।
গত ৩ জানুয়ারি আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। রাজনৈতিক প্রেক্ষাপটে এ সিদ্ধান্তের প্রতিক্রিয়া বাংলাদেশের পক্ষ থেকে এতটা তীব্র হবে, তা ভারতের ক্ষমতাসীন মহল আগে অনুমান করেনি বলে মনে করা হচ্ছে। ভেন্যু পরিবর্তনের দাবিতে বিসিবি একাধিকবার আইসিসিকে চিঠি দিয়েছে। বিসিবি অবস্থান না বদলালে বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে অন্য দল নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে বলে সভায় জানানো হয়েছে।
এদিকে বাংলাদেশের পক্ষে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জিও নিউজ জানিয়েছে, বাংলাদেশ পরিস্থিতির কারণে পাকিস্তান তাদের বিশ্বকাপ প্রস্তুতিও সাময়িকভাবে স্থগিত রেখেছিল।
৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। গ্রুপ পর্বে বাংলাদেশের চার ম্যাচের তিনটি কলকাতায় এবং একটি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে চলতি সপ্তাহের মধ্যেই।