ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নির্বাচনী প্রচারণাকালে রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এ অবস্থায় তার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের ভারত থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে এসব তথ্য জানান বোর্ডের সদস্য ডা. আব্দুল আহাদ।
তিনি জানান, মেডিকেল বোর্ডের বৈঠকের আগেই সকালে হাদির পুনরায় সিটি স্ক্যান করা হয়। সর্বশেষ সিটি স্ক্যানে মস্তিষ্কে ব্যাপক ইডেমা বা পানি জমে থাকার পাশাপাশি অক্সিজেনের ঘাটতি ধরা পড়ে, যা মস্তিষ্কের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এছাড়া মস্তিষ্কের কিছু অংশে ছিটা ছিটা রক্ত জমাট বাঁধার লক্ষণ পাওয়া গেছে। সর্বশেষ সিটি স্ক্যান অনুযায়ী হাদির মস্তিষ্কের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানান তিনি।
ডা. আব্দুল আহাদ আরও বলেন, হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকদের জীবনও হুমকির মুখে রয়েছে। ধারাবাহিকভাবে ভারত থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মোবাইল নম্বর প্রকাশ করে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং পরিবার ও বাসার অবস্থান ট্র্যাক করার অভিযোগও রয়েছে।
এ পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে বিদেশে নেওয়ার পরিকল্পনার কথাও জানান ডা. আব্দুল আহাদ। তিনি বলেন, এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে একটি কেস সামারি প্রস্তুত করা হয়েছে। তবে রোগীকে বিদেশে স্থানান্তরের মতো শারীরিক স্থিতিশীলতা আছে কি না, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন।