নিরাপত্তার কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও এখনও চূড়ান্ত সমাধান হয়নি। এই পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তান ‘জিও সুপার’ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, বিসিবির সিদ্ধান্তকে তারা পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে যৌক্তিক হিসেবে গ্রহণ করছে। এমনকি আইসিসি যদি সন্তোষজনক সমাধান দিতে ব্যর্থ হয়, তাহলে পাকিস্তানও বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।
পিসিবি তাদের টিম ম্যানেজমেন্টকে বিকল্প পরিকল্পনা তৈরি করতে নির্দেশ দিয়েছে, যাতে শেষ মুহূর্তে বিশ্বকাপে না খেলার পরিস্থিতিতেও প্রস্তুত থাকা যায়।
সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, ‘আয়োজক হওয়ার দোহাই দিয়ে কোনো দেশের ওপর চাপ বা হুমকি প্রয়োগ করা উচিত নয়।’
এদিকে, বাংলাদেশে শনিবার (১৭ জানুয়ারি) আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ বিসিবির সঙ্গে বৈঠক করেন। এ সময় আইসিসির ইভেন্টস অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনাও অনলাইনে যুক্ত ছিলেন।
বৈঠকে আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
বৈঠক শেষে বিসিবি জানিয়েছে, ‘ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজতর করার উপায় হিসেবে অন্য গ্রুপে সরিয়ে নেওয়ার সম্ভাবনা দেখা হচ্ছে।’
তবে আয়ারল্যান্ডের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, তাদের মূল সূচিতে কোনো পরিবর্তন হবে না এবং তারা শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলবে।