প্রধানমন্ত্রী বলেন, 'পেপ্যাল কার্যক্রম চালুর জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়টি এগিয়ে নিতে কাজ চলছে। আগামী পাঁচ বছরে প্রায় ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে ৭ হাজার ৫০০ জনকে এই আইডি কার্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মাধ্যমে নতুন ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।'
এছাড়া বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আগামী পাঁচ বছরে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচির ২০টি ব্যাচে প্রায় ১ হাজার আন্ডার গ্র্যাজুয়েট/গ্র্যাজুয়েটদের আইটিইই (ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন) প্রশিক্ষণ পরিচালনা করা হবে। বিসিসির মাধ্যমে ৫ হাজার ২০ জন চাকরি প্রার্থী এবং ছাত্র-ছাত্রীকে এআই, মোবাইল অ্যাপ্স ডেভেলপমেন্ট, পাইথন প্রোগ্রামিং, ডাটা অ্যানালাইটিক্স, সাইবার সিকিউরিটি ইত্যাদি স্বল্পমেয়াদি প্রশিক্ষণসহ ১ বছর মেয়াদি ডিপ্লোমা ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।