সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রায় যেসব আর্থিক ও শিল্প প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, সেগুলোকে নিরাপদে রাখা সবার নৈতিক দায়িত্ব। এসব প্রতিষ্ঠানের সঙ্গে অসংখ্য মানুষের জীবন ও জীবিকা জড়িত বলেও তিনি উল্লেখ করেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত ৫ম ক্রাউন সিমেন্ট ভাষা দিবস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সেনাপ্রধান বলেন, শিল্প ও আর্থিক প্রতিষ্ঠান শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি নয়, এগুলো দেশের কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। তাই এসব প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজ—উভয়েরই দায়িত্ব।
এবারের টুর্নামেন্টে মোট ৮১৫ জন গলফার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ২৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয়।