রিয়াল মাদ্রিদেই দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জনের অবসান ঘটিয়ে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন এই ফরোয়ার্ড। নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত রিয়াল মাদ্রিদেই থাকবেন ভিনিসিয়ুস।
বৃহস্পতিবার (৬ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
চুক্তির মেয়াদ শেষ হতে মাত্র ১২ মাস বাকি থাকায় এবং গত ১৮ মাস ধরে চলা আলোচনায় কিছুটা অচলাবস্থা তৈরি হওয়ায় ভিনিসিয়ুসকে কিনতে বেশ আগ্রহ দেখিয়েছিল আর্সেনাল।
তবে বুধবার রিয়ালের পরিবর্তিত নতুন প্রস্তাবে সম্মতি জানান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ২০১৮ সালে ফ্ল্যামেঙ্গো থেকে আসার পর রিয়ালের হয়ে ৩৭৫ ম্যাচে ১২৮টি গোল করেছেন তিনি; জিতেছেন ২টি চ্যাম্পিয়নস লিগ, ৩টি লা লিগা ও ১টি কোপা দেল রে শিরোপা।
ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের সুখবরের দিনই ট্রান্সফার মার্কেটে আরও এক বিশাল চমক দিয়েছে রিয়াল মাদ্রিদ। লাইপজিগ থেকে আইভরিকোস্টের উইঙ্গার ইয়ান দিওমান্দেকে সই করিয়েছে তারা, যার সম্ভাব্য ট্রান্সফার ফি প্রায় ১২ কোটি পাউন্ড (১৪ কোটি ইউরো)।
রিয়ালের নতুন কোচ জোসে মরিনহোর অধীনে চলতি দলবদলে এটি ষষ্ঠ সাইনিং। এর আগে বের্নার্দো সিলভা, ইব্রাহিমা কোনাতে, ডেনজেল ডামফ্রিস, মার্ক কুকুরেয়া ও কার্লোস এসপিকে দলে ভিড়িয়েছে ক্লাবটি।
সদ্য সংবাদ/এসআর