আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে ৭ উইকেট নেওয়ার কীর্তি এত দিন দেখা গেছে মাত্র দুবার। ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট নিয়ে তালিকার শীর্ষে ছিলেন মালয়েশিয়ার পেসার সিয়াজরুল ইদ্রুস। চলতি বছর ভুটানের বিপক্ষে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন বাহরাইনের আলী দাউদ।
এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন ভুটানের তরুণ স্পিনার সোনাম ইয়েশে। মিয়ানমারের বিপক্ষে মাত্র ৭ রান খরচায় ৮ উইকেট শিকার করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন ২২ বছর বয়সী এই বোলার।
শুক্রবার (২৬ ডিসেম্বর) গেলেফু ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে মিয়ানমার ভুটানকে ব্যাটিংয়ে পাঠায়। ওপেনার নামগাং চেজায়ের ৫০ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান তোলে ভুটান।
১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সোনাম ইয়েশের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে মিয়ানমার। পুরো দল গুটিয়ে যায় মাত্র ৪৫ রানে। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে প্রথম চার বলেই তিনটি উইকেট তুলে নেন ইয়েশে। পঞ্চম ওভারে যোগ করেন আরেকটি উইকেট। পরে সপ্তম ও নবম ওভারে দুটি করে উইকেট নিয়ে নিজের নাম লেখান ক্রিকেটের রেকর্ড বইয়ে।