আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শরীয়তপুর জেলার তিনটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ২১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাহসিনা বেগম প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৫০ হাজার ৬০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৭ হাজার ৩৮০ জন, নারী ভোটার ৫ লাখ ৫৩ হাজার ২০৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৪ জন। এবারের নির্বাচনে জেলার তিনটি আসনে ১০টি রাজনৈতিক দলের ১৭ জন দলীয় প্রার্থী এবং ৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শরীয়তপুর–১ (পালং-জাজিরা) আসনে মোট ভোটার ৩ লাখ ৯৫ হাজার ৪৪৯ জন। এ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম নির্বাচন করছেন। রিকশা প্রতীকে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দিন আহমেদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মো. তোফায়েল আহমেদ, শাপলা প্রতীকে জাতীয় নাগরিক পার্টির আব্দুর রহমান এবং ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের ফিরোজ আহমেদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে সৈয়দ নজরুল ইসলাম এবং ঘোড়া প্রতীকে মোহাম্মদ গোলাম মোস্তফা নির্বাচনে অংশ নিয়েছেন।
শরীয়তপুর–২ (নড়িয়া-সখিপুর) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৫২ জন। এখানে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর মাহমুদ হোসেন, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের ইমরান হোসেন, বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাহমুদুল হাসান, ট্রাক প্রতীকে গণঅধিকার পরিষদের আখতারুজ্জামান সম্রাট, লাঙল প্রতীকে জাতীয় পার্টির জসিম উদ্দিন এবং কলম প্রতীকে জনতার দলের পারভেজ মোশাররফ নির্বাচন করছেন। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কম্পিউটার প্রতীকে আলমগীর হোসেন ও সোফা প্রতীকে মো. নাসির মাঠে রয়েছেন।
শরীয়তপুর–৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনে মোট ভোটার ৩ লাখ ৪০ হাজার ৯৯ জন। এ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী ও তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু নির্বাচন করছেন। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর মো. আজহারুল ইসলাম, লাঙল প্রতীকে জাতীয় পার্টির আব্দুল হান্নান এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের হানিফ মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাহসিনা বেগম বলেন, শরীয়তপুর জেলার তিনটি আসনে মোট ২১ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। সকল প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার কার্যক্রম শুরু করতে পারবেন।