মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতের অভিযানে গ্রেপ্তার হওয়া দুজন হলেন: তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ঝাড়াখালি গ্রামের বাসিন্দা ইসহাক আকন সবুজ (৪০) এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আবুল কালাম আজাদ (৩৯)।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর কমান্ডার ফাহিম উদ্দীন সাকিবের নেতৃত্বে একটি বিশেষ দল মঙ্গলবার রাতে অভিযান চালায়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তালতলী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মিরাজ জমাদ্দারের বাসার তৃতীয় তলায় তল্লাশি চালিয়ে ওই দুজনকে আটক করা হয়।
তল্লাশিকালে তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ ও স্বাস্থ্য সহকারী আজাদ দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার রাতে তাঁরা ওই বাসার তৃতীয় তলায় বসে মাদক সেবন করছিলেন।
আটকের পর রাতেই তাঁদের উপজেলা ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সেবক মণ্ডল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের প্রত্যেককে ২০ দিনের কারাদণ্ড দেন।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত দুজনকে বরগুনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।