নিহত ব্যক্তির নাম খোরশেদ আলম। তিনি সিএনজিচালিত অটোরিকশা চালক ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, তিন জনের একটি দল খোরশেদের সঙ্গে প্রথমে কথাকাটাকাটিতে জড়ায়। এরপর তারা তাকে ধাক্কা দিয়ে লাঠি দিয়ে মারধর শুরু করে। খোরশেদ মাটিতে লুটিয়ে পড়লেও হামলা চলতে থাকে। হামলার দৃশ্য আশপাশের মানুষদের চোখের সামনে হলেও কেউ এগিয়ে আসেনি।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীরা চলে যাওয়ার পরও খোরশেদ কিছু সময় রাস্তায় পড়ে ছিলেন।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, 'ভিডিও বিশ্লেষণের মাধ্যমে হামলাকারীদের মধ্যে মো. হোসেনকে শনাক্ত করা হয়েছে। আরও একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।'
ওসি আরও জানান, নিহত খোরশেদ ও অভিযুক্তদের মধ্যে পূর্ব কোনো শত্রুতা পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে জানা গেছে, মুখের দুর্গন্ধ নিয়ে কথাকাটাকাটির জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।