ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নতুন কমিটি গঠন ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে সংগঠনটির গুরুত্বপূর্ণ দুই পদ সভাপতি ও সদস্যসচিব হিসেবে কারা দায়িত্ব পেতে যাচ্ছেন, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সভাপতি পদে আলোচনায় রয়েছেন রবিউল ইসলাম নয়ন, এম এ গাফফার ও মুকিতুল হাসান রঞ্জু। অন্যদিকে সদস্যসচিব পদে আলোচনায় রয়েছেন ও.বি. আজাদ চৌধুরী নাহিদ, শাহ মো. মাসুম বিল্লাহ ও গিয়াস উদ্দিন মনিকসহ আরও কয়েকজন।
দলীয় সূত্র ও নেতাকর্মীদের আলোচনায় উঠে আসা এসব নেতার প্রত্যেকেরই রয়েছে ছাত্ররাজনীতি ও যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিজ্ঞতা। দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি ত্যাগ ও নিষ্ঠাকে সামনে রেখে তাঁদের নিয়ে চলছে নানা মূল্যায়ন।
সভাপতি পদপ্রত্যাশীদের মধ্যে আলোচনায় এগিয়ে থাকা নামগুলোর একটি রবিউল ইসলাম নয়ন। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়ন দীর্ঘদিন ধরে দলীয় কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
তাঁর ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, রাজনৈতিক জীবনে বিভিন্ন সময়ে মামলা, গ্রেপ্তার ও কারাভোগসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন তিনি। সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে মোট ২২৬টি মামলা হয়েছে বলে জানা গেছে। একাধিকবার রিমান্ড ও কারাভোগের অভিজ্ঞতাও রয়েছে তাঁর। বিশেষ করে ২০১৫ সালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আহত হওয়ার পর তাঁকে ড্রেনের সুড়ঙ্গে ফেলে রাখার অভিযোগ রয়েছে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়ও পুলিশ তাঁকে হাতকড়া পরিয়ে রেখেছিল বলে তাঁর রাজনৈতিক জীবনের বর্ণনায় উল্লেখ করা হয়েছে।
সভাপতি পদে আরেক আলোচিত প্রার্থী এম এ গাফফার। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠনের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম কারান্তরীণ থাকাকালে তাঁকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। এর আগে তিনি ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা গাফফার দীর্ঘদিন ধরে যুবদলের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়। নেতৃত্বের অভিজ্ঞতা এবং সাংগঠনিক ভূমিকার কারণে সভাপতি পদপ্রত্যাশীদের আলোচনায় রয়েছেন তিনি।
এ পদে আলোচনায় থাকা অপর নেতা মুকিতুল হাসান রঞ্জু। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিভিন্ন সাংগঠনিক সভা, থানা পর্যায়ে কমিটি গঠন এবং দলীয় কার্যক্রমে তাঁর অংশগ্রহণ রয়েছে। সংগঠনের সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকার কারণে নতুন কমিটির শীর্ষ নেতৃত্বের আলোচনায় উঠে এসেছে তাঁর নামও।
অন্যদিকে সদস্যসচিব পদপ্রত্যাশীদের মধ্যে অন্যতম আলোচিত নাম ও.বি. আজাদ চৌধুরী নাহিদ। রাজনৈতিক অঙ্গনে তিনি ‘স্লোগান মাস্টার’ হিসেবে পরিচিত। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। এর আগে একই কমিটির সদস্য এবং ঢাকা জোন-৮-এর সাংগঠনিক টিম প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ছাত্ররাজনীতিতেও রয়েছে নাহিদের দীর্ঘ অভিজ্ঞতা। তিনি হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিবিএস (পাস কোর্স) সম্পন্ন করেছেন তিনি।
নাহিদের দেওয়া তথ্যমতে, আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে তাঁর বিরুদ্ধে ১৮টি মামলা হয়েছে। এ ছাড়া ২৪ দিন রিমান্ডে থাকা, মোট ২৫১ দিন কারাভোগ এবং ২০১৫ সালে ২১ দিন ডিবি কার্যালয়ে আটকে থাকার অভিযোগ রয়েছে তাঁর। ২০১৬ সালে সরকারবিরোধী আন্দোলনে আহত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলেও জানা গেছে।
২০০৭ সাল থেকে ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন সময়ে তৎকালীন সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সরকারদলীয় নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। এসব হামলায় শরীরে একাধিক বুলেট ও আঘাতের চিহ্ন বহন করছেন বলেও তাঁদের দাবি। এ ছাড়া ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সেনাবাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা ছাত্র বিদ্রোহের মামলায়ও তাঁর নাম এজাহারভুক্ত আসামি হিসেবে ছিল।
সদস্যসচিব পদে আলোচনায় রয়েছেন শাহ মো. মাসুম বিল্লাহও। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে একই কমিটির সদস্য ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত মাসুম বিল্লাহ নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার প্রত্যাশায় রয়েছেন। সংগঠনের বিভিন্ন পর্যায়ে তাঁর সাংগঠনিক সম্পৃক্ততা ও রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে শীর্ষ নেতৃত্বের আলোচনায় উঠে এসেছে তাঁর নাম।
এ পদে আরেক আলোচিত প্রার্থী গিয়াস উদ্দিন মনিক। বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কমিটির আকার বাড়ানোর সময় তাঁকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এর আগে তিনি ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি খিলগাঁও-সবুজবাগ এলাকার রাজনৈতিক কর্মসূচিতেও সক্রিয় রয়েছেন তিনি। দরবেশপুর উচ্চ বিদ্যালয়, তেজগাঁও কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন মনিক। ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতাও নতুন কমিটিতে সদস্যসচিব পদ পাওয়ার আলোচনায় রয়েছেন।
রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। রাজধানীতে বিএনপির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সংগঠিত করার ক্ষেত্রে এ ইউনিটের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে নতুন কমিটিতে কারা নেতৃত্বে আসছেন, তা নিয়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে।
সংশ্লিষ্টদের মতে, নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকা গুরুত্বপূর্ণ বিবেচ্য হতে পারে। তবে শেষ পর্যন্ত সভাপতি ও সদস্যসচিব পদে কারা দায়িত্ব পাচ্ছেন, তা নির্ভর করছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের ওপর। নতুন কমিটির মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা সংগঠনটির নেতাকর্মীদের।
সদ্য সংবাদ/ এরআর