রাজধানীর টিটন হত্যা মামলার তদন্তে আরও তথ্য জানতে এস এম আসলাম ওরফে সুইডেন আসলামকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রাজু আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে একই মামলায় পাঁচ দিনের রিমান্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে তদন্তসংশ্লিষ্টদের দাবি, ওই জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়নি।
পুলিশের আবেদনে বলা হয়েছে, প্রথম দফার জিজ্ঞাসাবাদে সুইডেন আসলাম বিভিন্ন সময় ভিন্ন ধরনের তথ্য দিয়েছেন। হত্যায় সরাসরি অংশ নেওয়া ব্যক্তিদের অবস্থান সম্পর্কেও স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি তিনি। এ ছাড়া জিজ্ঞাসাবাদে পাওয়া একটি মোবাইল ফোন নম্বরসহ অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।
তদন্তকারীদের ভাষ্য, হত্যার পরিকল্পনা কীভাবে করা হয়েছিল, কারা এতে ইন্ধন দিয়েছেন, ব্যবহৃত অস্ত্র কোথা থেকে এসেছে এবং আর কারা জড়িত ছিলেন এসব বিষয় নিশ্চিত হতে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৮ এপ্রিল রাত পৌনে ৮টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।
এদিকে, গত ২২ নভেম্বর দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করার সময় সুইডেন আসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর টিটন হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।
সদ্য সংবাদ/এসএস