মাদ্রাসাসহ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিশুদের যৌন নির্যাতন, ধর্ষণ ও নিষ্ঠুর আচরণ ঠেকাতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ নূরুল হুদা স্বরাষ্ট্রসচিব, শিক্ষাসচিব, আইনসচিব ও ধর্মসচিব বরাবর এ নোটিশ পাঠান। এতে পাঁচ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে উচ্চ আদালতে রিট আবেদন করার কথা জানানো হয়েছে।
আইনি নোটিশে দেশের সব ধরনের মাদ্রাসায় অভিন্নভাবে কার্যকর করার জন্য জাতীয় পর্যায়ে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা সেল গঠন এবং তা বাস্তবায়নের দাবি জানানো হয়।
এ ছাড়া হাইকোর্টে বাংলাদেশ ন্যাশনাল উইমেন লইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিএনডব্লিউ) মামলায় দেওয়া নির্দেশনা অনুযায়ী একটি মডেল অনুসরণ করে প্রতিটি মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিশু যৌন নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা কমিটি গঠনের কথা বলা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি মাদ্রাসার প্রবেশপথ, করিডর, শ্রেণিকক্ষ এবং সাধারণ আবাসিক এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করতে হবে।
সদ্য সংবাদ/ এআর