দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছর এক দিনে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ সংখ্যা।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সোমবারের হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও নতুন সংক্রমণের ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৫৭ জন। মাসের হিসাবে জানুয়ারিতে দুইজন, ফেব্রুয়ারিতে দুইজন, মে মাসে একজন, জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরের শুরুতে পরিস্থিতি আরও অবনতির দিকে গেছে। চলতি মাসের প্রথম ১৪ দিনেই ডেঙ্গুতে মারা গেছেন ৬০ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়ও উল্লেখযোগ্যসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭০ জন এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৪৩ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকার বিভিন্ন এলাকায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৮৮ জন।
ঢাকার বাইরে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন খুলনা বিভাগে। সেখানে নতুন রোগীর সংখ্যা ৩০২ জন। চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ১৯১ জন করে, রাজশাহী বিভাগে ১৪৫ জন, ময়মনসিংহে ১১০ জন, রংপুরে ৮৬ জন এবং সিলেটে সাতজন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১ জানুয়ারি থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ৫৩ হাজার ৫৭০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৩৭৫ জন।
সদ্য সংবাদ/ এআর